স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দল-মত নির্বিশেষে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এই মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।
বিজ্ঞাপন
সভায় প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। চাঁদাবাজ ও সন্ত্রাসী যেই হোক, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের মনে রাখতে হবে—ব্যক্তি ও দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী গ্রেপ্তার, মাদক নির্মূল এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে এশিয়ার অন্যতম বৃহত্তম ফুলের রাজ্য গদখালীতে আগত পর্যটকদের সাথে স্থানীয় ও বহিরাগত কতিপয় উশৃঙ্খল-বখাটেদের অসৌজন্যমূলক আচরণ, উত্ত্যক্তকরণ ও হেনস্থা করার মতো অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে কলার ও ফুলের ঐতিহ্যবাহী ‘ফুল সেক্টরে’ নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়।
পাশাপাশি ঝিকরগাছা পৌর শহরের তীব্র যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপজেলাব্যাপী নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং অসাধু মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির তদারকি অব্যাহত রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মি. শপথ বৈরাগী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান এবং বিএনপি ও জামায়াতের স্থানীয় শীর্ষনেতৃবৃন্দ। অনুষ্ঠানে এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
