স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, কম্বল, কসমেটিকস ও খাদ্যপণ্যসহ প্রায় সাড়ে আট লক্ষ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ০৯ নভেম্বর ২০২৬ তারিখে বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাচালান চক্রের ফেলে যাওয়া ভারতীয় বিভিন্ন প্রকারের ৪২টি শাড়ি, ১১টি কম্বল, ০৯টি চাদর, ০৪ প্যাকেট ফুসকা, ৩.৫ কেজি কিসমিস, ৪০টি চকলেট এবং ৪৫২টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
বিজ্ঞাপন
বিনা শুল্কে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা এসব জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ৮,৪৭,৪০০/- (আট লক্ষ সাতচল্লিশ হাজার চারশত) টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ এবং দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
