স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার শুভ মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত শুভ নড়াইলের কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে অভয়নগরের রামনগর গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় আছিয়া বেগমকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে পুলিশ তাঁর নিথর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মেয়ে পান্না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ অক্টোবর পুলিশ নড়াইল থেকে শুভকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা আসামি শুভর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফাইল ছবি সংগৃহীত।
