নৌ পুলিশের গুলিতে জেলে নিহত : গুলিবিদ্ধ চারজন

নৌ পুলিশের গুলিতে জেলে নিহত : গুলিবিদ্ধ চারজন

স্ফুলিঙ্গ ডেক্স :

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানকে কেন্দ্র করে জেলেদের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিতে আকতার হোসেন হাওলাদার (৪০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন জেলে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভোররাতে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের শাওড়া অরাকুল মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন হাওলাদার হিজলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর মেমানিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জেলেরা মেঘনা নদীতে মাছ শিকারে যান। বৃহস্পতিবার ভোররাতের দিকে মাছ শিকার শেষে ফেরার পথে অরাকুল মাছঘাট এলাকায় স্পিডবোটে থাকা টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী দলের সঙ্গে জেলেদের ধাওয়াধাওয়ি ও সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে আকতার হোসেনসহ পাঁচজন জেলে গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় আকতারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে তাঁর মরদেহ হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রাখা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, আকতারের মৃত্যুর ঘটনায় বাড়তি হয়রানি ও আইনি ঝামেলার আশঙ্কায় তাঁরা কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চান না এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ঘটনার দায় কার বা কোন বাহিনী অভিযান পরিচালনা করেছে, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয় জেলেদের দাবি, নৌ-পুলিশের সদস্যরা স্পিডবোটে এসে এই অভিযান চালিয়েছিল। তবে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ওই সময় ওই এলাকায় তাদের কোনো অভিযান ছিল না।

হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান জানান, ঘটনার কথা তিনি সকালে শুনেছেন, তবে তাঁদের কোনো দল ওই রাতে নদীতে অভিযানে ছিল না। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদার জানান, তিনি বিভিন্ন সূত্র থেকে জেনেছেন চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে এই হতাহতের ঘটনা ঘটেছে। যদিও চাঁদপুর নৌ-পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় নিজেদের অভিযানের কথা অস্বীকার করা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান হোসেন বলেন, “ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতীকী-ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এসআরবি-৮ এর অভিযানে ৮ কেজি গাঁজাসহ আবু জাফর প্যাদা গ্রেফতার

আইনজীবী সহকারীকে পিটিয়ে ও শ্বাসরোধে খুন!

১৮ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনের আসামি গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত জনি র‍্যাবের জালে : ডাকাতি ও অস্ত্রসহ ঝুলছিল ১৪ মামল...

যাত্রী সেজে বাসে গাঁজা পাচার! ৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

চিপসের প্যাকেটে গোপন বোমা খুলতেই ভয়াবহ বিস্ফোরণ!

শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের পর আত্মগোপন : সাড়ে চার মাস পর ডিবির জালে শিক্ষক মাসুম

ফ্যানের সাথে ঝুলছিল বিইউ শিক্ষার্থীর অর্ধগলিত লাশ!

১৪৮০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ৩ পেশাদার মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *