আলোচিত মিশন আচার্যের হাতে সহকারী শিক্ষকতার নিয়োগপত্র হস্তান্তর

আলোচিত মিশন আচার্যের হাতে সহকারী শিক্ষকতার নিয়োগপত্র হস্তান্তর

মো: মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

স্থায়ী ভিটা-মাটি না থাকার আমলাতান্ত্রিক জটিলতায় সরকারি প্রাথমিকে উত্তীর্ণ হয়েও নিয়োগ আটকে থাকা ঝিনাইদহের বহুল আলোচিত মেধাবী যুবক মিশন আচার্য অবশেষে বহুল কাঙ্ক্ষিত নিয়োগপত্র হাতে পেয়েছেন।

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় মিশন আচার্যের নিজস্ব বসতবাড়িতে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁর ও তাঁর মা ময়না আচার্যের হাতে এই সহকারী শিক্ষকের নিয়োগপত্র তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে সাফল্যের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’-এ অংশ নেন মিশন আচার্য। লিখিত ও ভাইভা পরীক্ষায় চমৎকার ফল অর্জন করে ঝিনাইদহ সদর উপজেলায় মেধাক্রমে ১৭তম স্থান লাভ করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে সরকারি নীতিমালার আলোকে নিজস্ব স্থায়ী জমি বা গৃহ না থাকার জটিলতাকে কেন্দ্র করে তাঁর চূড়ান্ত নিয়োগপত্রটি স্থগিত করে রাখা হয়। এই খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ঘটনাটি নজরে আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর একটি ডিও (DO) লেটার প্রদান করেন এবং স্বয়ং মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে ইতিবাচক বৈঠক করেন। এর ফলেই দ্রুত আইনি ও প্রশাসনিক বাধা কাটিয়ে তাঁর নিয়োগ নিশ্চিত হয়।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিয়োগপত্র গ্রহণ শেষে অশ্রুসজল চোখে মিশন আচার্য বলেন, “আমার এই কঠিন লড়াইয়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আগামী দিনে আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে সবার আশীর্বাদ ও দোয়া চাই।”

সন্তানের এমন সাফল্য ও জীবনের কঠিন মোড় পার হওয়া প্রসঙ্গে আবেগাপ্লুত মা ময়না আচার্য বলেন, “আমার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। যে চরম অভাব-অনটন আর কষ্ট সহ্য করে ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করেছি, আজকের এই দিনে আমাদের সেই জীবনের সব ত্যাগ ও কষ্ট সার্থক হয়েছে।”

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, “সকলের ইতিবাচক মানসিকতা ও সম্মিলিত প্রচেষ্টার কারণেই আজকের এই অনন্য অর্জন ও ন্যায়বিচার সম্ভব হয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানান, “মিশন আচার্য একজন অত্যন্ত মেধাবী ও সংগ্রামী শিক্ষার্থী। মেধার স্বাক্ষর রেখে সে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সদর উপজেলায় ১৭তম স্থান অর্জন করেছিল। শুধুমাত্র একটি কাঠামোগত ঠিকানার জটিলতায় তাঁর নিয়োগ থমকে গিয়েছিল। সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মিশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *