“ড্রেজিং সম্পন্ন হলে পায়রা হবে দেশের সবচেয়ে কার্যকরী বন্দর” : এমপি মোশাররফ

“ড্রেজিং সম্পন্ন হলে পায়রা হবে দেশের সবচেয়ে কার্যকরী বন্দর” : এমপি মোশাররফ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

প্রস্তাবিত ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয় প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে পায়রা বন্দরই হবে দেশের সবচেয়ে নিরাপদ ও কার্যকরী সমুদ্রবন্দর বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন ও বন্দর কর্মকর্তাদের সাথে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, “পায়রা বন্দর আনুষ্ঠানিকভাবে কার্যক্ষম হলেও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে কিছু প্রাতিষ্ঠানিক ও কারিগরি সংকটের কারণে এর স্বাভাবিক পরিচালনা কার্যক্রম কাঙ্ক্ষিত গতি পায়নি। বর্তমানে নদের নাব্যতা ফেরাতে ড্রেজিং পরিচালনা ও নিজস্ব হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি একনেক (ECNEC) সভায় অনুমোদন লাভ করবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশের অন্যান্য বন্দরের সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি আরও বলেন, “চট্টগ্রাম বন্দরে সবসময়ই তীব্র জাহাজের জটলা ও ব্যস্ততা লেগে থাকে এবং অন্যদিকে মোংলা রূপসা নাব্যতা সংকটে ভুগছে। সেদিক বিবেচনায় পটুয়াখালীর পায়রা বন্দরই দেশের একমাত্র নিরাপদ ও সম্ভাবনাময় চ্যানেল। নদের ড্রেজিং সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা গেলে পায়রাই হবে দেশের সবচেয়ে লাভজনক ও কার্যকরী বন্দর। বর্তমান সরকার পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।”

টার্মিনাল পরিদর্শন ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি পাঠিয়েছেন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *