রফিক মন্ডল (ঝিনাইদহ):
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় অবৈধভাবে সার মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার দায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গুদামে অবৈধভাবে লুকিয়ে রাখা ৩০ বস্তা টিএসপি সার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে উপস্থিত কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিষয়খালী বাজার এলাকার বিএডিসি অনুমোদিত সার ডিলারের প্রতিষ্ঠান ‘মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে’ ভ্রাম্যমাণ আদালত ও সমন্বিত প্রশাসন অভিযান চালিয়ে এ জরিমানা ও ব্যবস্থা গ্রহণ করে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে বিএডিসি নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে গুদামে অবৈধভাবে রাখা ৩০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দামে স্পট বিক্রি করা হয়। জরিমানার ১০ হাজার টাকা এবং সার বিক্রির ৪০ হাজার ৫০০ টাকাসহ সর্বমোট ৫০ হাজার ৫০০ টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকালে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কৃষকদের জন্য সরকার বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ করা, চড়া দামে বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না। প্রান্তিক কৃষকদের কাছে সঠিক সময়ে ও নির্ধারিত দামে সার পৌঁছে দিতে উপজেলা জুড়ে সার ডিলার ও পাইকারি বাজারে তদারকি জোরদার করা হয়েছে। যেকোনো অনিয়ম পাওয়া গেলেই ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।” ছবি সংগৃহীত।

