স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের পৃথক দুই স্থানে সড়ক দুর্ঘটনায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৭০) ও এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে সদর উপজেলার শেখহাটি ও মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা এলাকায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের বাবলাতলা মোড়ে একটি বেপরোয়া গতির ট্রাকের সাথে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা আনুমানিক ৭০ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত বৃদ্ধের পরিচয় মিল না পাওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
অপরদিকে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের টুনিয়াঘরা গ্রামের আবু দাউদ নার্সারির সামনে মণিরামপুর-রাজাহাট মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাক এক পথচারী নারীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। খবর পেয়ে চুকনগর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পৃথক দুটি সড়ক দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে। ছবি সংগৃহীত।
