বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত বসতঘর থেকে বাঈজিৎ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে একটি পরিত্যক্ত ঘরের চালের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে দেখতে পান। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত বাঈজিৎ কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ‘ভ্যান কালামের’ ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম টিয়াখালী এলাকায় বাঈজিতের বাবা জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছিলেন। ওই জমিসংলগ্ন মেম্বারের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে একটি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সকালে স্থানীয়রা উক্ত ঘরে রশি দিয়ে আড়ার সাথে বাঈজিতের ঝুলন্ত নিথর দেহ দেখতে পান। উদ্ধারকালে মৃতের পরনে কেবল একটি জিন্স কাপড়ের কাটা হাফপ্যান্ট ছিল এবং শরীরের উপরিভাগ সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা হত্যাকাণ্ড জড়িত রয়েছে—তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ সব সম্ভাব্য দিক বিবেচনায় রেখে তদন্ত পরিচালনা করছে। ফাইল ছবি সংগৃহীত।
