শহিদ জয়:
যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামের বহুল আলোচিত ও নৃশংস মোঃ রশিদুল বাহালুল ওরফে বাহারুল মল্লিক (৪২) হত্যা মামলার মূল ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সচল পিস্তল ও শুটারগানসহ ভারী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক জনাকীর্ণ প্রেস ব্রিফিংয়ে এ সফল অভিযানের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা।
প্রেস ব্রিফিং ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অভয়নগর থানার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের আওতাধীন রানাগাতী গ্রামে রশিদ মোল্লার বাগানে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে হত্যা করে বাহারুল মল্লিককে। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ নাসির উদ্দিন ও অভয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম।
বিজ্ঞাপন
তথ্যপ্রযুক্তি ও বস্তুনিষ্ঠ প্রমাণের ভিত্তিতে পুলিশ প্রথমে গত ১০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মোঃ আশরাফুল আশা ওরফে আশরাফ (৩৮) নামের এক আসামিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের তথ্যের সূত্র ধরে পুলিশ টানা ১৩ দিন সুনির্দিষ্ট গোয়েন্দা অভিযান পরিচালনা করে গতকাল ২০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোঃ রমজানকে (২০) গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মোঃ রমজান খুলনা জেলার ফুলতলা থানার দক্ষিণডিহি গ্রামের মিনারুল ও লায়লী বেগমের ছেলে।
পরবর্তীতে আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে খুলনা জেলার ফুলতলা থানাধীন দক্ষিণডিহি গ্রামে সোবহান সর্দারের বাঁশবাগানের পশ্চিম কোণে মাটির নিচে বিশেষ কায়দায় পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ সচল পিস্তল, একটি লোহার তৈরি একনলা ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামি রমজানকে আজ ২১ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন এবং এর সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
