স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, কসমেটিকস ও নেশাজাতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন আইসিপি ও আমড়াখালী বিওপির যৌথ টহল দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধপথে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য বাংলাদেশে পাচার হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি ক্ষিপ্র টহল দল সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাচালানিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ও পাচারকালে বেশ কিছু মালামাল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫ বোতল নিষিদ্ধ ‘ESCUF’ সিরাপ, ২৫ বোতল ‘WINCEREX’ সিরাপ, ১টি বাইসাইকেল, ৬২টি ভারতীয় আকর্ষণীয় শাড়ি, ৫টি থ্রি-পিস/থান কাপড়, ১.৫ কেজি কিশমিশ এবং ৭৫ পিস বিভিন্ন প্রকারের প্রসাধন সামগ্রী (কসমেটিকস)।
বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে ৪৯ বিজিবির অদম্য সতর্ক নজরদারি এবং মাদক ও চোরাচালানবিরোধী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মাদক ও মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনি ও দাপ্তরিক নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।

