স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মণিরামপুরে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—তানভীর শাওন (২০), জাহাঙ্গীর হোসেন (৪৮), টিটো সরদার (৩৫), নিছার গাজী (৪০), জামাল গাজী (৩৭) এবং হুমায়ুন কবির (৩৫)।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক রায়ে নিছার গাজী ও জামাল গাজীকে ৩০ দিন করে, তানভীর শাওনকে ২০ দিন এবং অপর তিন আসামি জাহাঙ্গীর হোসেন, টিটো সরদার ও হুমায়ুন কবিরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একই সাথে সাজাপ্রাপ্ত প্রতিটি আসামিকে ১০০ টাকা করে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় এই ছয়জনকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে আসামিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ প্রদান করেন।
রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত সকল আসামিকে কড়া নিরাপত্তায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মণিরামপুর উপজেলাকে মাদক মুক্ত রাখতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফাইল ছবি সংগৃহীত।
