স্ফুলিঙ্গ রিপোর্ট :
দেশের প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরের ঐতিহাসিক ভৈরব নদে বিভিন্ন দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন সদরের উদ্যোগে জনস্বার্থে এ সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভৈরব নদের উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিবিএম, বিপিএম (সেবা), বিজিবিএম, পিপিএসসি।
বিজ্ঞাপন
পোনা অবমুক্তকরণ শেষে রিজিয়ন কমান্ডার বলেন, “দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে আমিষের চাহিদা পূরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতি ও প্রাত্যহিক জনজীবনে মৎস্য সম্পদ অপরিহার্য ভূমিকা পালন করে। তাই দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং উন্মুক্ত জলাশয়ে অবৈধ ও ক্ষতিকারক উপায়ে মাছ শিকার প্রতিরোধে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার মূল দায়িত্ব পালনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সামাজিক ও মানবিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। সাধারণ মানুষের স্বার্থে বিজিবির এ ধরনের কল্যাণমুখী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
উক্ত পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, দেশের জনগণ এবং বিজিবির উত্তরোত্তর সমৃদ্ধি, অগ্রগতি ও মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ছবি সংগৃহীত।

