

স্ফুলিঙ্গ ডেক্স :
যশোরের বাঘারপাড়া উপজেলার খলশি গ্রামে একই পরিবারের মা ও শিশু ছেলের নির্মম ও মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, পারিবারিক বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মা প্রথমে নিজের সন্তানকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরবর্তীতে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
বিজ্ঞাপন
তবে ঘটনাস্থলে সুরতহাল ও আলামত তল্লাশি চালিয়ে বাঘারপাড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সুস্পষ্ট কোনো আলামত বা চিহ্ন দেখতে পায়নি। ফলে ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মা ও ছেলের মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং পুলিশের গভীর ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই এই রহস্যজনক জোড়া মৃত্যুর মূল সত্য বেরিয়ে আসবে। ছবি সংগৃহীত।
