স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত যশোর জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৩ জনে। এর মধ্যে আক্রান্ত ৩৩১ জন রোগী সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং ১ জন আক্রান্তকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হওয়া ৬ জন রোগীর মধ্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে সর্বাধিক ১১ জন চিকিৎসাধীন রয়েছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৭ জন, ঝিকরগাছায় ২ জন এবং কেশবপুরে ১ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
রিপোর্টটি প্রস্তুত করেছেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাক এবং এটি অনুমোদন করেছেন যশোর জেলার সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
