স্ফুলিঙ্গ রিপোর্ট :
জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তাই সরকারকে ব্যর্থ করার যেকোনো অপচেষ্টা রুখে দিয়ে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আজ শনিবার বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে যশোরের টাউন হল ময়দানে (মুন্সী মেহেরুল্লাহ ময়দান) জেলা যুবদল আয়োজিত ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতিবিরোধী যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বিজ্ঞাপন
অধ্যাপক নার্গিস বেগম বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গীরাই এখন কথায় কথায় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছেন এবং অশালীন বক্তব্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। আমার প্রশ্ন—আপনারা কি সরকারকে ব্যর্থ করে আবারও সেই চরম স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চান?”
তিনি আরও বলেন, এক যুগ ধরে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, অর্থপাচারকারীদের শাস্তি বা রাষ্ট্র সংস্কারের গঠনমূলক প্রস্তাব নিয়ে কথা না বলে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। অথচ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় পেয়েছে এক শূন্য রাজকোষ ও ভঙ্গুর অর্থনীতি। এই মুহূর্তে সরকারকে অস্থিতিশীল না করে দেশ গঠনে সহযোগিতা করাই হবে দায়িত্বশীল রাজনীতির পরিচয়।
বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যে গণঐক্যের ওপর ভর করে স্বৈরাচার উৎখাত করা হয়েছিল, সেই ঐক্যকে অটুট রেখে দেশে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে পথ চলতে হবে।
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনসারুল হক রানার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

