মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় একটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মহম্মদপুর উপজেলার মধ্যে এবারের দাখিল পরীক্ষার ফলাফলে শতভাগ অকৃতকার্য হওয়া একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এটি।
বিজ্ঞাপন
মাদ্রাসা সূত্রে জানা গেছে, বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিতে মোট ১৪ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলে তাদের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার চূড়ান্ত অনুমতি দেওয়া হয়। তবে সম্প্রতি প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায়, অংশ নেওয়া ৮ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে; ফলে প্রতিষ্ঠানটির পাশের হার দাঁড়ায় শূন্য শতাংশে।
বিজ্ঞাপন
এমন ফল বিপর্যয়ের পরপরই শিক্ষার সার্বিক অবহেলার কারণ জানতে চেয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠানটির সুপার আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
শোকজের সত্যতা নিশ্চিত করে বালিদিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ জানান, পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাঁকে লিখিতভাবে শোকজ করা হয়েছে।
এদিকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষাবিদদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, নিয়মিত পাঠদানে গাফিলতি ও দুর্বল তদারকির কারণেই এই বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানের শিক্ষার মান ফিরিয়ে আনতে ও শিক্ষার্থীদের উপযুক্ত প্রস্তুতি নিশ্চিতে দ্রুত কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ছবি সংগৃহীত।


