স্ফুলিঙ্গ ডেক্স :
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নারী চিকিৎসকদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ ছাড়া অন্য কোনো নামে ডাকতে নিষেধ করে নোটিশ দেওয়াকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। জরুরি বিভাগের দরজায় টানানো এই হাতে লেখা নোটিশটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে শুক্রবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশটি ছিঁড়ে ফেলে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জরুরি বিভাগের এক কক্ষে এই অদ্ভুত নির্দেশনা টানানো হয়। গ্রামে বসবাসকারী সাধারণ ও সহজ-সরল রোগীরা সাধারণত দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী চিকিৎসকদের ‘ভাই’ বা ‘আপা’ বলে সম্বোধন করে থাকেন। কিন্তু সম্প্রতি যোগদান করা কয়েকজন নবীন নারী চিকিৎসক এভাবে ডাকলে ক্ষুব্ধ হন এবং সেবা দেওয়ার বদলে রোগীদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। ফলে সাধারণ রোগীরা সেবা নিতে এসে মারাত্মক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সরকারি চাকরির বিধিমালার কোথাও কোনো চিকিৎসককে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলেই সম্বোধন করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। জরুরি বিভাগের সামনে এই নোটিশ দেওয়াকে সম্পূর্ণ অযৌক্তিক ও অপেশাদার আখ্যা দিয়ে তিনি নিজে সেটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং ঘটনার পেছনে কোন চিকিৎসকের হাত রয়েছে তা খতিয়ে দেখার আশ্বাস দেন।
এই বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন জানান, চিকিৎসকদের মূল লক্ষ্য হওয়া উচিত মানবিক হওয়া এবং রোগীবান্ধব পরিবেশে মানুষকে সেবা দেওয়া। সম্বোধন নিয়ে এমন বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া মোটেও কাম্য নয় উল্লেখ করে তিনি পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর নেবেন বলে আশ্বস্ত করেছেন।ছবি সংগৃহীত।

