স্ফুলিঙ্গ রিপোর্ট :
প্রেসক্লাব যশোরের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে নতুনদের মেধা ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত প্রেসক্লাব গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সভাপতি পদপ্রার্থী প্রবীণ সাংবাদিক ফকির শওকত।
বিজ্ঞাপন
আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে যশোর শহরের সিটি প্লাজায় প্রেসক্লাব যশোরের সদ্য অন্তর্ভুক্ত সদস্যদের সম্মানে আয়োজিত এক ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আয়োজনের সূচনায় উপস্থিত সকল নবাগত সদস্যকে রজনীগন্ধার ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সভার পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিনয় কৃষ্ণ মল্লিক।
পরিচিতি পর্ব শেষে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। তিনি যশোর প্রেসক্লাবের দীর্ঘদিনের প্রেক্ষাপট তুলে ধরে নতুন সদস্যপদ প্রদান এবং আহ্বায়ক কমিটির গঠনপ্রক্রিয়ার বিস্তারিত বর্ণনা দেন।
সভায় নিজের প্রার্থী হওয়ার পটভূমি তুলে ধরে সভাপতি পদপ্রার্থী ফকির শওকত বলেন, “প্রেসক্লাব যশোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।” এ সময় তিনি প্রেসক্লাবের আগামী দিনের উন্নয়ন ও কল্যাণমূলক পরিকল্পনা সংক্ষেপে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে নবাগত সদস্যদের অনেকেই দীর্ঘদিন ধরে সদস্যপদ না পাওয়ার বেদনা এবং অবশেষে কাঙ্ক্ষিত এই প্রাপ্তির আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। একই সাথে তারা যশোরের সাংবাদিকতার মূল কেন্দ্রবিন্দু প্রেসক্লাবকে ঘিরে তাঁদের নানা উন্নয়নমূলক স্বপ্নের কথা তুলে ধরেন।
নতুন সদস্যদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়ন নেতা রাহুল রায়, প্রণব কুমার দাস, রতন সরকারসহ নবাগত সদস্য শিমুল ভূঁইয়া, জুবায়ের আহমেদ, তামান্না ফারজানা খান চৌধুরী, ফারদিন, রায়হান সিদ্দিকী, তারিকুল ইসলাম তারেক, সালমান হাসান, রিপন হোসেন চঞ্চল, আবুল কালাম আজাদ, এম এ রাজাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, নতুন অন্তর্ভুক্ত ৩৮ জন সদস্যের মধ্যে সিংহভাগই সভায় উপস্থিত ছিলেন। বিশেষ কারণবশত যাঁরা উপস্থিত হতে পারেননি, তাঁরা পূর্বেই অপারগতা জানিয়ে প্রবীণ সাংবাদিক ফকির শওকতকে শুভকামনা ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক প্রীতিময় ও ফলপ্রসূ আলোচনা শেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে। ছবি সংগৃহীত।

