স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১০ নভেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় যশোর জেলার শার্শা থানা এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কোডিনযুক্ত সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৬), যশোর ক্যাম্প।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামস্থ জনৈক চতুর আলীর মহেষভাঙ্গা খালের পার্শ্ববর্তী স্থানে খড়ের গাদার ভেতরে অবৈধ মাদকদ্রব্য মজুত করা হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে খড়ের গাদার ভেতর থেকে ৫৯৬ বোতল অবৈধ উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে এসআরবি।
গ্রেপ্তারকৃতরা হলেন—শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩২) এবং একই গ্রামের মো. শহিদ আলীর ছেলে মো. মহিনুর ইসলাম (৩৩)।
উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইন ও বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।
