স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১০ নভেম্বর ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এক বিরল ও প্রশংসনীয় ঐক্যের নজির স্থাপন করেছে যশোরের সদর উপজেলার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি। দলের শীর্ষ হাইকমান্ডের নির্দেশনা ও আহ্বানে সাড়া দিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক সকল প্রার্থী কোনো ধরনের অভ্যন্তরীণ কোন্দল বা দূরত্ব ছাড়াই একযোগে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ফরম জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের প্রতি সৌহার্দ্য দেখিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে ফটোসেশনে অংশ নেন, যা স্থানীয় রাজনীতিতে এক নতুন ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশীদের জন্য দলীয় আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার সুনির্দিষ্ট দিন ধার্য করেছিল। সেই ধারাবাহিকতায় গতকাল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের ফরম জমা দেন।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র জমা দেওয়ার এই আয়োজনে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন আলা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফুল আলম সেলিম, সদর উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু, সদর উপজেলা বিএনপির সদস্য আসাদুল আলম ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব এবং সদর উপজেলা যুবদল নেতা আজমল হুদা মিঠুসহ স্থানীয় দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীবৃন্দ।
মনোনয়ন জমা দেওয়ার সময় সকল প্রার্থীর কণ্ঠেই ছিল ঐক্যের সুর। তারা একবাক্যে স্পষ্ট জানিয়ে দেন, “দলীয় হাইকমান্ড থেকে যাকেই ধানের শীষ বা চূড়ান্ত প্রতীক দিয়ে সমর্থন দেওয়া হবে, আমরা ব্যক্তিগত প্রতিযোগিতা ভুলে তার পক্ষেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে আমরা সবাই প্রস্তুত এবং এটিই আমাদের রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্রের আসল সৌন্দর্য।”
রাজনীতিতে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ ও পরিশীলিত পরিবেশ স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নওয়াপাড়া ইউনিয়নের এই উদাহরণটি আগামী দিনে দলের অন্যান্য এলাকার নেতাকর্মীদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে। পরিশেষে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় যে, দল যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, ব্যক্তিগত উচ্চাশা বাদ দিয়ে সেই সিদ্ধান্তের প্রতি পূর্ণ অবিচল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছবি সংগৃহীত।
