শিক্ষার্থীর মায়ের আপত্তিকর ভিডিও করে ব্ল্যাকমেইল : মসজিদের সাবেক ইমাম গ্রেপ্তার

শিক্ষার্থীর মায়ের আপত্তিকর ভিডিও করে ব্ল্যাকমেইল : মসজিদের সাবেক ইমাম গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের সুযোগ নিয়ে গোপন ক্যামেরায় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার গুরুতর অপরাধে নূর আলম শেখ (৩২) নামের এক ধর্মীয় শিক্ষক ও মসজিদের সাবেক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রোববার (১ নভেম্বর ২০২৬) রাতে শ্রীনগর উপজেলার একটি মাদরাসা চত্বরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং অপরাধে ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। তিনি বিগত প্রায় দেড় বছর ধরে টংগিবাড়ী উপজেলার একটি স্থানীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইমামতির সুবাদে ওই এলাকার এক শিশুর বাড়িতে কোরআন ও ধর্মীয় শিক্ষা দিতে যাতায়াত করতেন তিনি। সেই পরিচয়ের সূত্র ধরে শিশুটির মায়ের সঙ্গে তাঁর অনৈতিক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে পুলিশ জানায়।

পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সম্পর্কের সুযোগ নিয়ে কৌশলে গৃহবধূর কিছু আপত্তিকর ও গোপন ভিডিও ধারণ করে রাখেন অভিযুক্ত ইমাম। প্রায় এক মাস পূর্বে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে মসজিদ কমিটি তাঁকে বরখাস্ত করে এবং দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয়। কর্মস্থল হারানোর পর ক্ষিপ্ত হয়ে নূর আলম ওই গৃহবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব ও দেখা করার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে নিজের মুঠোফোন থেকে একটি আপত্তিকর ভিডিও ভুক্তভোগীর পরিবারের এক সদস্যের মেসেঞ্জার বা আইডিতে পাঠিয়ে দেন এবং দাবি পূরণ না হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাঠে নামে ডিবির একটি চৌকস দল। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিপিএম ও উপ-পরিদর্শক রেজাউল কাজীর সমন্বয়ে গঠিত টিমটি রবিবার বিকেলে অভিযান শুরু করে রাত সাড়ে আটটার দিকে শ্রীনগরের ওই মাদরাসা থেকে তাঁকে পাকড়াও করে।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ও চার সন্তানের জনক নূর আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অপরাধের কথা অকপটে স্বীকার করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনগত ব্যবস্থা নিতে তাঁর বিরুদ্ধে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *