স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
যশোরে ইয়াবা উদ্ধারের পৃথক দুটি মাদক মামলায় তিন আসামিকে ১০ ও ১২ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আইরিন নাসরিন এবং বিচারক ওয়াসিম শেখ পৃথক দুটি রায়ে এই সাজা ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা রানা শেখ, সদর উপজেলার আলমনগর গ্রামের মনির হোসেন এবং বেনাপোল পোর্ট থানাধীন নামজা গ্রামের বাসিন্দা সবুর।
আদালত ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, প্রথম মামলাটির ঘটনা ঘটে ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি। ওই দিন শার্শার নাভারন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মনির হোসেন ও রানা শেখকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলের এয়ার বক্স তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই মামলায় রানা ও মনিরকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে, দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছিল একই বছরের ২৫ জুলাই। ওই দিন বেনাপোলের গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুরকে হাতেনাতে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সবুরকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে এই মামলায় আসামি সোহান হোসেন ও মনোয়ারা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস প্রদান করেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি সবুর আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। তবে অপর সাজাপ্রাপ্ত আসামি রানা শেখ বর্তমানে পলাতক রয়েছেন। ফাইল ছবি সংগৃহীত।

