স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
যশোর জেলা পুলিশ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপন পরিকল্পনা ও নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ২৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ।
গত সোমবার রাতে জেলাজুড়ে পরিচালিত বিশেষ এই অভিযানে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত সবাইকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—ভাতুড়িয়া গ্রামের মৃত কুদ্দুসের ছেলে শান্ত, শ্রীপদ্দি গ্রামের তফজেলের ছেলে নজর আলী, রুদ্রপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মশিয়ার রহমান, সুজলপুরের মোজাফ্ফর হোসেনের ছেলে শামিম গাজী, নতুন খয়েরতলার ফজলুর রহমানের ছেলে তৌহিদুর রহমান, শহরের শংকরপুরের মৃত আব্দুস সালাম গাজীর ছেলে মাজহারুল ইসলাম মিথুন এবং বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার সদরুলের ছেলে আশরাফুল ইসলাম সুমন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গত ৫ আগস্টের পর থেকে নিষিদ্ধ রাজনৈতিক দলের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছে। এই নাশকতা ও সহিংসতার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যশোর জুড়ে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আগের বা নতুন দায়েরকৃত নাশকতার মামলার সঙ্গে সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।
