স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নিকটবর্তী মেহেরুল্লাহনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর জোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ দাবিতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নির্দেশক্রমে রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক আবেদনপত্র সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একইসাথে চিঠির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও প্রেরণ করা হয়েছে।
রেলওয়ে বরাবরে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কাজে নিয়মিত দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয়। কিন্তু মেহেরুল্লাহনগর স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় তাদের প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোর জংশন রেলওয়ে স্টেশনে যেতে হয়। এর ফলে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি তীব্র যানজটের কারণে অনেক সময় নির্ধারিত সময়ে ট্রেন ধরা সম্ভব হয় না।
বিজ্ঞাপন
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালু হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মূল্যবান সময় ও অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মেহেরুল্লাহনগর স্টেশনটি যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নে অবস্থিত এবং এটি যবিপ্রবি ক্যাম্পাস থেকে সবচেয়ে কাছের রেলস্টেশন। তবে গুরুত্বপূর্ণ এই স্টেশনটি দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ রয়েছে এবং বর্তমানে সেখানে কেবল একটি মেইল ট্রেন ছাড়া কোনো আন্তঃনগর ট্রেনের বিরতি নেই।
শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের দীর্ঘদিনের ভোগান্তি ও আর্থিক অপচয় বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে যবিপ্রবি প্রশাসন। ছবি সংগৃহীত।
