স্ফুলিঙ্গ রিপোর্ট :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের বর্ণিল সূচনায় যশোরের প্রতিটি পূজা মণ্ডপে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে জেলা পুলিশ। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)-এর সরাসরি নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মাঠপর্যায়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।
উৎসবের প্রথম দিন শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল থেকেই জেলাজুড়ে মণ্ডপ পরিদর্শনের বিশেষ কর্মসূচি শুরু হয়।
পরিদর্শনকালে জেলা পুলিশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন। এছাড়া যশোর কোতোয়ালী মডেল থানাসহ জেলার অন্যান্য সকল থানার অফিসার ইনচার্জগণ স্ব-স্ব এলাকার পূজা মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা জানান, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং কোনো অপশক্তি যেন গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মণ্ডপে মণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নজরদারি, মোবাইল প্যাট্রোল টিম এবং বিশেষ ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা পুলিশের এই অগ্রণী ও সময়োপযোগী তদারকি কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উৎসব সম্পন্ন করতে জেলা পুলিশ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।ছবি সংগৃহীত।
