স্ফুলিঙ্গ ডেক্স :
নেত্রকোণার কেন্দুয়ায় এক শ্মশানঘাটের ভেতরে আড্ডা বসিয়ে মাদক সেবনের অপরাধে ৫ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় নেত্রকোণা কর্তৃক কেন্দুয়া থানাধীন কান্দিউড়া শ্মশানঘাটের ভেতরের ফাঁকা জায়গায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
বিজ্ঞাপন
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে মো. সবুজ মিয়া (৬০), একই গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে মো. আজহারুল ইসলাম (৪৫), ছিলিমপুর গ্রামের মো. সাইদুলের ছেলে মো. জনি মিয়া (২৭), চন্দ্রগাতী গ্রামের মো. টিটু মিয়ার ছেলে মাকসুদুল (২১) এবং হাঁসকান্দা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে রিফাত হাসান (২১)।
ঘটনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কান্দিউড়া শ্মশানঘাটের ভেতরে অভিযান চালিয়ে ডিএনসি প্রতিনিধি দল উক্ত ৫ জনকে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরবর্তীতে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযুক্তরা নিজ নিজ দোষ স্বীকার করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের প্রত্যেকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।
ডিএনসি ও স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সাজাপ্রাপ্ত ৫ আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাৎক্ষণিকভাবে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকার মাদক নিয়ন্ত্রণ ও জনশান্তি বজায় রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

