স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের কোতোয়ালি থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেজপাড়া মেইন রোড এলাকায় একটি বাড়ির সীমানা প্রাচীরের ওপর রহস্যজনক ও সন্দেহভাজন লাল কস্টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে এলাকায় তীব্র আতঙ্ক ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিরাপদে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে গেছে।
বিজ্ঞাপন
আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে বেজপাড়া মেইন রোড সংলগ্ন ময়লাখানা এলাকায় অবস্থিত পাভেলের বাড়ির সীমানা প্রাচীরের (ওয়াল) ওপর বস্তুটিকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাধারণ পথচারীরা চলাচলের সময় দেয়ালের ওপর একটি লাল স্কচটেপে মোড়ানো গোল আকারের সন্দেহজনক বস্তু দেখতে পান। কোনো বিস্ফোরক বা ককটেল হতে পারে—এমন আশঙ্কায় সাধারণ মানুষের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কৌতুহলী মানুষ সেখানে ভিড় জমান। পরে স্থানীয়রা ঝুঁকি না নিয়ে বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করেন।
সংবাদ পাওয়া মাত্রই যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুরের নেতৃত্বে পুলিশের একটি বিচক্ষণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা এলাকাটি সুরক্ষিত করে লাল স্কচটেপ দ্বারা মোড়ানো ওই অদৃশ্য বস্তুটিকে অত্যন্ত সাবধানতার সাথে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
এ বিষয়ে উদ্ধারকারী কর্মকর্তা দারোগা আনিসুর ও পুলিশ সূত্রে জানানো হয়েছে, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এটি উক্ত বাড়ির প্রাচীরের ওপর রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বস্তুটি ককটেল, পটকা বা অন্য কোনো উদ্দেশ্যমূলক সাজানো বস্তু কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

