স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কেশবপুরে মেয়ের হাতে মা খুনের এক পৈশাচিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আজ মঙ্গলবার দুপুরে নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত মেয়েকে আটক করেছে।
নিহত গৌরী রানী (৭৫) সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী। স্থানীয়রা জানান, ৩-৪ দিন আগে মণিরামপুরের নাগরঘোপ এলাকা থেকে গৌরী রানীর মেয়ে দীপ্তি অধিকারী (৫০) মায়ের বাড়িতে বেড়াতে আসেন। দীপ্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
মঙ্গলবার সকালে দীপ্তিকে নিতে তাঁর দেবর পবিত্র অধিকারী ওই বাড়িতে আসেন। তিনি দোতলায় উঠে দেখেন বিছানায় গৌরী রানীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে এবং পাশে বাথরুমে বিবস্ত্র অবস্থায় দীপ্তি বসে আছেন।
বিজ্ঞাপন
এলাকাবাসীর ধারণা, সোমবার রাতের কোনো এক সময়ে দীপ্তি তাঁর মায়ের কপালে ও মাথার পেছনে তরকারি কাটা বটির আছাড় দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গৌরী রানীর মৃত্যু হয়। মরদেহের পাশেই রক্তমাখা বটির আছাড়ের অংশ পড়ে থাকতে দেখা যায়।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত দীপ্তি অধিকারীকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে তিনি মানসিক ভারসাম্যহীন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ছবি সংগৃহীত।