স্ফুলিঙ্গ ডেক্স :
খুলনা মহানগরীর সদর থানাধীন নিরালা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ০১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আশরাফুজ্জামান জীবন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২:৫০ টা থেকে ৩:৩০ টা পর্যন্ত খুলনা মহানগরীর নিরালা এলাকার ২ নম্বর কাশেমনগর রোডের ১৩৮/ক নম্বর ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত মোঃ আশরাফুজ্জামান জীবন নিরালা কাশেমনগর এলাকার মৃত আব্দুল হামিদ ও মিসেস আছিয়া খাতুনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গভীর রাতে ওই বাড়ির দ্বিতীয় তলায় জীবনের শয়নকক্ষে অভিযান চালায় কেএমপি ডিবির একটি চৌকস আভিযানিক দল। তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে ০১টি তৈরি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড তাজা গুলি এবং ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানায়, অবৈধ অস্ত্র রাখা ও মাদক কারবারের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছবি সংগৃহীত।

