ঝিনাইদহ ও শৈলকুপায় ৩ হোটেলে ২১ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ ও শৈলকুপায় ৩ হোটেলে ২১ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ  প্রতিনিধি :

খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বন্ধ এবং বাজারদর নিয়ন্ত্রণে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় ব্যাপক বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৩টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ২১,০০০ (একুশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ সদরের আরাপপুর বাজার, চরমুরারীদহ এবং শৈলকুপা উপজেলার ভাটই বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহেরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শৈলকুপার ভাটই বাজারের মিষ্টির দোকান ও হোটেলগুলোতে নিবিড় তদারকি চালানো হয়। এ সময় চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খোলা অবস্থায় খাবার ও খোলা লবণ ব্যবহার, খাদ্যে ক্ষতিকর ও অনুমোদনহীন রঙের মিশ্রণ, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা বাসি খাবার সংরক্ষণ এবং সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার মতো একাধিক অপরাধ প্রমাণিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভাটই বাজারের ‘লিমন হোটেল’-কে ১০,০০০ টাকা এবং ‘আল ফুরকান সুইটস’-কে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

একই দিনে ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারীদহ এলাকায় অবস্থিত ‘মগের মুল্লুক’ হোটেলে হানা দেয় তদারকি দল। সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ২১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

তাছাড়া সদরের আরাপপুর বাজারের ডিমের পাইকারি আড়ত ও বিভিন্ন মুদি দোকানে তদারকি চালায় অধিদপ্তর। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দোকানগুলোতে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং কেনাবেচার রসিদ (ভাউচার) সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের কড়া নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহায়তা করেন ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: বুলবুল আহমেদ এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বার্থে এই ধরনের ঝটিকা তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *