ঝিকরগাছায় নতুন শিক্ষাবর্ষে কোটি টাকার বই বাণিজ্যের অভিযোগ : ‘পুশিং সেলে’ বিপাকে অভিভাবকেরা

ঝিকরগাছায় নতুন শিক্ষাবর্ষে কোটি টাকার বই বাণিজ্যের অভিযোগ : ‘পুশিং সেলে’ বিপাকে অভিভাবকেরা

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২২ নভেম্বর ২০২৬

নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে কোটি টাকার বই বাণিজ্যের লক্ষ্য নিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিভিন্ন পুস্তক প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা। অভিযোগ উঠেছে, উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই বই বাণিজ্যের তথাকথিত ‘পুশিং সিন্ডিকেট’ সক্রিয় রয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি বাড়তি ও চড়া দামে বই কিনতে বাধ্য হতে পারেন অভিভাবকেরা—এমন উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছেন সচেতন অভিভাবক ও স্থানীয় পুস্তক বিক্রেতাদের একাংশ।

স্থানীয় পুস্তক বিক্রেতাদের অনেকের মতে, প্রকাশনা সংস্থাগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় কয়েকটি প্রতিষ্ঠান অসম প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে ও প্রতিনিধিদের মাধ্যমে মোটা অঙ্কের কমিশন এবং নামিদামি উপঢৌকনের বিনিময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যোগসাজশে ‘পুশিং সেলের’ মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নির্দিষ্ট ‘বুক লিস্ট’ ধরিয়ে দেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানপ্রধানদের পছন্দের প্রকাশনা সংস্থার বই কিনতে একপ্রকার বাধ্য হন শিক্ষার্থী ও অভিভাবকেরা, আর নিরুপায় হয়ে উচ্চমূল্যে বাজারের বইয়ের দোকান বা লাইব্রেরি থেকে সেসব বই সংগ্রহ করতে হয়। অভিযোগ উঠেছে, ইতিমধ্যে উপজেলা সদরের নামকরা কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে অলিখিত ‘পুশিং সেলে’ চুক্তিবদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং মাদ্রাসার ইবতেদায়ি থেকে কামিল পর্যায় পর্যন্ত বই বিক্রির প্রতিযোগিতায় পাঞ্জেরী, লেকচার, জননী ও অনুপম শীর্ষে রয়েছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার সব স্তরের বই বিক্রিতে এগিয়ে আছে আল ফাতাহ, দারসুন ও আলইন্তেহানসহ কয়েকটি প্রকাশনা সংস্থা। তথ্য অনুযায়ী, দেশজুড়ে সর্বাধিক বই বিক্রির শীর্ষে রয়েছে লেকচার ও পাঞ্জেরী; আর ‘জননী’ প্রকাশনা সংস্থা পুরো খুলনা বিভাগে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত যাবতীয় বই বিক্রিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে। নিজ নিজ প্রতিষ্ঠানের বই ‘পুশিং সেলে’ বিক্রির জন্য প্রতিনিধিরা উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কমিশনভিত্তিক চুক্তিতে যেতে মরিয়া হয়ে উঠেছেন।

পুস্তক বিক্রির সঙ্গে যুক্ত একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, প্রতিটি প্রকাশনা সংস্থার নিজস্ব প্রতিনিধি প্রতিটি উপজেলায় দায়িত্ব পালন করেন। ঝিকরগাছা উপজেলায় প্রকাশনা সংস্থা লেকচারের প্রতিনিধি হিসেবে নীহারঞ্জন নেহাল, পাঞ্জেরীর দেবাশীষ, জননীর জসিম এবং অনুপমের গোলাম হোসেন দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় পুস্তক ব্যবসায়ী ও লাইব্রেরিয়ানদের অনেকের অভিমত, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চাপিয়ে দেওয়া বুক লিস্ট প্রথা বাতিল করে বইয়ের বাজার উন্মুক্ত রাখা হলে প্রতিযোগিতামূলক দামে শিক্ষার্থী ও অভিভাবকেরা কম মূল্যে বই কিনতে পারতেন। কিন্তু অসম প্রতিযোগিতার কারণে অনেক প্রকাশনা সংস্থার বইয়ের মান ভালো হওয়া সত্ত্বেও পুশিং প্রতিযোগিতায় টিকতে না পারায় শিক্ষার্থীদের হাতে কম দামে বই পৌঁছায় না। এতে একদিকে চড়া দামে বই কিনে অভিভাবকদের বাড়তি অর্থ ব্যয় হয়, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হয় গুটিকয়েক প্রকাশনা সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানসহ একটি সুবিধাভোগী শ্রেণি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলায় ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৩১টি মাদ্রাসা এবং ১০টি কলেজ রয়েছে, যেখানে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। উপজেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাই স্কুল, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজ, বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী কলেজিয়েট স্কুল ও সম্মিলনী মহিলা কলেজ, আকিজ কলেজিয়েট স্কুল, দারুল উলুম কামিল মাদ্রাসা, গাজীর দরগা ফয়জাবাদ কামিল মাদ্রাসা, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়, বাঁকড়া জে.কে হাই স্কুল, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয় ও গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়।

এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে সব ধরনের গাইড বইয়ের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে; এরপরও এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের সতর্কতামূলক চিঠি ইস্যু করা হবে।

অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উদ্দিন দাবি করেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত সৃজনশীল সহায়ক বইয়ের প্রয়োজন রয়েছে। তাঁর মতে, শিক্ষাবোর্ড প্রণীত ও অনুমোদিত বর্তমান পাঠ্যবই আকারে বেশ ছোট এবং এতে তথ্যের ঘাটতি রয়েছে; বইগুলো এমনভাবে প্রণীত হওয়া উচিত যা শিক্ষার্থীদের সৃজনশীল ও সহায়ক হিসেবে কাজে আসে—তা হলে শিক্ষার্থীরা নোট বইয়ের দিকে ঝুঁকবে না।

সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ জানান, নোট বা গাইড কোম্পানির সঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিনিধিদের কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ হয়নি; বরং গাইড বই কেনা থেকে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করা হচ্ছে।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।

আরো পড়ুন

যশোরে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী অমিত...

মাদক ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি

চৌগাছার জগন্নাথপুর হানাদার মুক্ত দিবস পালিত : র‍্যালি ও স্মৃতিচারণ

সারাদেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ : অংশ নিলে...

কিভাবে চলবে কোটচাঁদপুরের বাকপ্রতিবন্ধী কবিরের ৪ সদস্যর সংসার?

কালীগঞ্জে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল : টাইব্রেকারে দামুড়হুদাকে হারিয়ে জয়ী হরিণাকুণ্ডু

কোটচাঁদপুরে ফসল চুরির প্রতিবাদ করায় জামায়াতের নারী ইউপি সদস্য প্রার্থীকে মারধর

কালীগঞ্জের বারোবাজারে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন : পুড়ে ছাই আসবাবপত্র

কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে ২৪১ কড়ি কইট্টা কচ্ছপ ও দুটি ঈগল অবমুক্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *