চৌগাছা (যশোর) প্রতিনিধি
তারিখ: ২২ নভেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধের রণাঙ্গন হিসেবে পরিচিত যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় মুক্তিনগর শহীদ স্মরণী শিক্ষা নিকেতনের উদ্যোগে এ র্যালি বের করা হয়।
র্যালিতে প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক শিক্ষক ইজারুল ইসলাম বসির, প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ শিক্ষকবৃন্দ ডালিয়া পারভীন, হারুণ অর রশিদ, জাহাঙ্গীর আলম, আব্দুস সাকুর, সাইদুর রহমান টিটো, জুয়েল হোসেন, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, সারমিন আক্তার দিপা ও রিয়াজুল ইসলাম রানা অংশ নেন। এ ছাড়া অভিভাবক সদস্য ওহিদুল ইসলাম, আবু তালেব এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সভাপতি ইজারুল ইসলাম জানান, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ২২ নভেম্বর জগন্নাথপুরের আম্রকাননে তীব্র লড়াই হয়। সে সময় পাকবাহিনীর হামলায় মুক্তিযোদ্ধাসহ মোট ৫৭ জন সাধারণ মানুষ প্রাণ হারান।
তিনি তুলে ধরেন সে সময়ের যুদ্ধের প্রেক্ষাপট। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০ নভেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত পাকসেনারা সাজোয়া ট্যাংক সহ সশস্ত্র অবস্থায় সিংহঝুলি, মশিউরনগর মাঠ ও জগন্নাথপুরে অবস্থান নেয়; আর মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা অবস্থান করেন জগন্নাথপুর ও গরীবপুর মাঠসংলগ্ন চাড়ালের বাঁশবাগান ও তেঁতুলতলা এলাকায়।
ইজারুল ইসলাম আরও জানান, ২১ নভেম্বর ঈদের দিন থেকে এ এলাকায় যুদ্ধ শুরু হয়। মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের চাপে পড়ে পাকসেনারা আকাশযুদ্ধে গেলেও চৌগাছার আকাশে বেশিক্ষণ টিকতে পারেনি; মিত্রবাহিনী দুটি বিমান ভূপাতিত করে দুজন পাইলটকে আটক করে। পরে ২২ নভেম্বর দ্বিতীয় দফায় কামান যুদ্ধ শুরু হলে বহু পাকসেনা হতাহত হয় এবং চারদিক থেকে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের আক্রমণ ও রণকৌশলে দিশেহারা হয়ে ক্ষতিগ্রস্ত আটটি ট্যাংক ও বাক্সভর্তি মার্কিন-চাইনিজ অস্ত্রশস্ত্র ফেলে যশোর সেনানিবাসের দিকে পালিয়ে যেতে বাধ্য হয় তারা। এর মধ্য দিয়েই মুক্ত হয় জগন্নাথপুর।
ওই লড়াইয়ে প্রাণ হারানো ৫৭ জনের মধ্যে ১৯ জনের নাম পাওয়া গেছে বলে জানান তিনি। তাঁরা হলেন—সুজাউদ্দৌলা, আসাদুজ্জামান মধু, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, রেজাউল হোসেন, করিমন নেছা, মহিউদ্দীন, রহিমা খাতুন, ভানু বিবি, ছইরন নেছা, দেওয়ান মুন্সি, কফিল উদ্দীন, বিশু মন্ডল, খোকা বারিক, আলতাপ হোসেন, জহির উদ্দীন, হাসান আলী, আয়শা আক্তার ও তাহের আলী।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে প্রতিবছরই শিক্ষার্থীদের নিয়ে এ দিবসটি স্মরণ ও নানা কর্মসূচি পালন করা হয় বলে উল্লেখ করেন তিনি। ছবি সংগৃহীত।
