বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে বসতঘরের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৮) নামে এক হোটেল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌর শহরের এতিমখানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন কলাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা এলাকার বাসিন্দা মৃত এন্তাজ মাস্টারের ছেলে। তিনি স্থানীয় নতুন বাজার এলাকার ফরিদের খাবারের হোটেলে কাজ করতেন।
বিজ্ঞাপন
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাবাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের প্রধান তার ছিঁড়ে পড়ে পাশাপাশি তিনটি টিনের ঘর শর্টসার্কিট হয়ে পড়েছিল। আজ দুপুরে বাড়িতে মেহমান আসার কথা থাকায় আনোয়ার দুটি ঘরের মধ্যবর্তী স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি ঘরের টিনের বেড়ার সংস্পর্শে এলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও চরম অবহেলাকে দায়ী করে নিহতের ছোট ভাই মাসুম অভিযোগ করে বলেন, “আমার ও বড় ভাইয়ের ঘর পাশাপাশি। সকালে দেখি বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে নিচে পড়ে রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের একাধিকবার ফোন করে জানাই। তারা ‘আসতেছি’ বলে সময় ক্ষেপণ করে আর আসেনি। পল্লী বিদ্যুতের এই চরম অবহেলার কারণেই আজ আমার ভাইয়ের অকালমৃত্যু হয়েছে; আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ ও তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি প্রতিবেদক।

