মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে চিলাহাটীগামী আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি ও নীল রঙের লুঙ্গি। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনটি বাবরা গেট এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি লাইনে কাটা পড়েন। এতে ট্রেনের ধাক্কায় তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়। স্থানীয় অনেকের ধারণা, তিনি স্বেচ্ছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, “খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি পরপরই যশোর রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়িতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।” ছবি সংগৃহীত।

