বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটায় অবস্থিত খানাবাদ ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাসেদুল ইসলাম।
আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে তিনি উক্ত কলেজে পৌঁছান এবং ক্যাম্পাসের সার্বিক পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কলেজের সার্বিক একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, অবকাঠামোগত অবস্থা এবং চারপাশের প্রাকৃতিক পরিবেশ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং শিক্ষার মানোন্নয়নে নানা পরামর্শ দেন।
বিজ্ঞাপন
ক্যাম্পাসের সুবিন্যস্ত সবুজ-শ্যামল পরিবেশ এবং গাছে গাছে ফুলে-ফলে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে গভীর সন্তোষ প্রকাশ করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সৌন্দর্যে বিমোহিত হয়ে তিনি বলেন, কলেজটির পরিবেশ অত্যন্ত চমৎকার ও মনোরম। চারপাশের প্রাকৃতিক দৃশ্য এবং বৃক্ষশোভিত চত্বর তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে বলে ব্যক্ত করেন তিনি।
একইসঙ্গে তিনি উপকূলীয় এলাকার এই বিদ্যাপীঠটির উত্তরোত্তর অগ্রগতি, সার্বিক উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
শিক্ষা বোর্ডের শীর্ষ অভিভাবকের এই আন্তরিক উপস্থিতি, গঠনমূলক পরামর্শ ও শুভকামনায় কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সকল সদস্য গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। পরিদর্শন শেষে কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। ছবি প্রতিবেদক।

