বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক বৃহৎ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানবিক ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত শত শত নারী ও পুরুষ উপস্থিত হয়ে উন্নত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলাপাড়া খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও ছানি শনাক্তকরণ সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সূচনালগ্নে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফোরকানুল ইসলাম। পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ রুমি।
বিজ্ঞাপন
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ঘোষণা দেন যে, কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আগামী ছয় মাসের মধ্যে ১৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে। এই সম্প্রসারণ কার্যক্রম পুরোপুরি বাস্তবায়িত হলে হাসপাতালটিতে স্বতন্ত্র চক্ষু বিভাগসহ আরও কয়েকটি নতুন বিশেষায়িত বিভাগ যুক্ত হবে, যার ফলে কলাপাড়ার সাধারণ মানুষ নিজ উপজেলাতেই আধুনিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজে পাবেন।
এমপি মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে হতদরিদ্র ও অসহায় মানুষ অর্থাভাবের কারণে চক্ষু ব্যাধির মতো জটিল চিকিৎসার ব্যয় ভার বহন করতে পারেন না। বিনামূল্যে চক্ষু চিকিৎসার মতো দৃষ্টান্তমূলক মানবিক উদ্যোগ গ্রহণ করায় তিনি কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদারকে বিশেষ ধন্যবাদ জানান।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও সুধীবৃন্দের মধ্যে পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি মোস্তাকুর রহমান পিনু, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু সহ কলাপাড়া উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। একইসঙ্গে খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দও উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রমে সহায়তা করেন।
ক্যাম্পে আগত সমস্ত রোগীদের বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চোখ পরীক্ষা, বিশেষজ্ঞ পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা কয়েকশ নারী-পুরুষের মধ্যে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষার পর বাছাইকৃত ছানি রোগীদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে নির্বাচিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক পদ্ধতিতে ছানি অপারেশন সম্পন্ন করা হবে। এছাড়া প্রাথমিক সেবা শেষে চক্ষু রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধপত্র ও প্রেসক্রিপশন অনুযায়ী চশমা বিতরণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা একাধিক প্রবীণ ও অসহায় ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে চোখের সমস্যা ও ছানির জটিলতায় ভুগলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। নিজ এলাকায় বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ, চশমা ও অপারেশনের সুব্যবস্থা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও উপকৃত হয়েছেন। এই মানবিক উদ্যোগের জন্য তাঁরা উদ্যোক্তা হাজী আবুল হাসনাত রিমন সিকদারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, অন্ধত্ব দূরীকরণ ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষায় তাদের এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজকের দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্য ক্যাম্প থেকে ইতোমধ্যে প্রায় ৫০ জন ছানি পড়া রোগীকে সফলভাবে শনাক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের সকলকে পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি প্রতিবেদক।
