স্ফুলিঙ্গ রিপোর্ট :
চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ একযোগে প্রকাশিত হতে যাচ্ছে। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টার পর থেকে পরীক্ষার্থীরা তাঁদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।
বিজ্ঞাপন
আজ সকালে ফলাফল প্রকাশের পর বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান ও বিশ্লেষণ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নেওয়া সারাদেশের প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
বিজ্ঞাপন
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ১০ আগস্ট সকাল ১০টায় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে অভিন্ন পদ্ধতিতে ফল প্রকাশ পাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের ‘রেজাল্ট কর্নার’-এ গিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে এক ক্লিকেই সম্পূর্ণ রেজাল্ট শিট ডাউনলোড করতে পরামর্শ দেওয়া হয়েছে।
মোবাইলে এসএমএসে রেজাল্ট পাওয়ার পদ্ধতি: যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং পাঠাতে হবে 16140 অথবা 16222 নম্বরে। ফিরতি খুদেবার্তাতেই প্রাপ্ত নম্বর ও জিপিএ জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সরাসরি রেজাল্ট জানা যাবে।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। গত ২১ এপ্রিল শুরু হয়ে লিখিত পরীক্ষা ২৪ মে শেষ হয়েছিল।
ফাইল ছবি সংগৃহীত।

