জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠুক সুন্দর সমাজ’—এই মহান মূলমন্ত্রকে মূল উপজীব্য করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে মাগুরার মহম্মদপুরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী। উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় প্রাথমিক বিদ্যালয়সমূহে ইউনিয়ন পর্যায়ে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ৪টি জোনে বিভক্ত করে ধারাবাহিকভাবে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
মাধ্যমিক পর্যায়ের ঘোষিত চার জোনের নির্দিষ্ট কেন্দ্রগুলো হলো— মহম্মদপুর সরকারি আর.এস.কে.এস. ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, বিনোদপুর ননীবালা বালিকা বিদ্যালয় এবং নহাটা রানীপতিত মাধ্যমিক বিদ্যালয়। নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে জোনে অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলোর অংশগ্রহণে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাবুখালী জোনের মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিনে নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে মহম্মদপুর ইউনিয়নের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক পাঠ্যবইয়ের মুখস্থ শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং শিক্ষা গ্রহণ শেষে প্রতিটি শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে হবে। একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ সমাজ গঠনে তরুণদেরই মূল ভূমিকা পালন করতে হবে। বিদ্রোহী কবির সাম্যবাদী চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেন, কাজী নজরুলের সাম্য ও গভীর মানবতাবাদী বাণীকে লালন করে সবাইকে একটি সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান বাকি মিয়া, মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ, উপজেলা আইসিটি কর্মকর্তা অলিউল্লাহ এবং বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন আলী খান।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবির জীবন ও কর্মের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা সভা, জাতীয় কবির রচিত কালজয়ী গান, আবৃত্তি ও নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
আয়োজক সূত্র জানায়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কবি নজরুলের বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও সমৃদ্ধ সাহিত্যকর্ম ছড়িয়ে দিতেই এই জোন ও ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অবশিষ্ট অন্যান্য ইউনিয়ন ও জোনেও এ আয়োজন অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

