রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
কুমিল্লার লাকসামের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজকে গুম ও হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায়কে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
পত্রিকায় তাঁর অপকর্ম এবং গুরুতর মামলার তথ্য গোপন করে স্বপদে বহাল থাকার বিস্তারিত সংবাদ প্রকাশের পরপরই ঝিনাইদহ জেলা পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। এর জের ধরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান তাঁকে হরিণাকুণ্ডু থানা থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পত্রিকায় গুম-হত্যা মামলার তথ্য গোপন করে হরিণাকুণ্ডু থানায় বহাল তবিয়তে থাকা এবং স্থানীয় চরমপন্থী ও মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা সংক্রান্ত তথ্যচিত্রসহ সংবাদ প্রকাশিত হয়। সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়।
বিজ্ঞাপন
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর বিএনপির টানা অবরোধ কর্মসূচি চলাকালে কুমিল্লার লাকসামের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজকে গুম ও পরবর্তীতে হত্যা করা হয়। উক্ত চাঞ্চল্যকর গুম-হত্যা মামলার এজাহারনামীয় আসামি হওয়া সত্ত্বেও অসিত কুমার রায় হরিণাকুণ্ডু থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছবি সংগৃহীত।
