বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্র নিশ্চিত করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং আশ্রয় ব্যবস্থাপনা কমিটির মধ্যে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল রোববার (৩০ আগস্ট ২০২৬) বেলা ১১টায় মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ আশ্রয়, সবার অধিকার’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর এলআরপি-৫০ প্রকল্প, কলাপাড়ার আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সভাটি সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আভাসের সিএএসআর প্রজেক্ট ম্যানেজার মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএএসআর প্রজেক্ট অফিসার রুবি আক্তার।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো, ইউপি সচিব মো. মজিবুর রহমান, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার ফারুক এবং ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসা. তানিয়া আক্তার।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় সাইক্লোন শেল্টার বা আশ্রয়কেন্দ্রগুলোতে নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, আলো, নিরাপত্তা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
একই সাথে দুর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট কমিটি ও সর্বস্তরের জনগণের মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আলোচকরা। সভায় উপস্থিত সকলে আশ্রয়কেন্দ্রগুলোর বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রতিবন্ধী ও নারীবান্ধব পরিবেশ তৈরিতে নানা প্রয়োজনীয় সুপারিশ ও মতামত ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

