স্ফুলিঙ্গ রিপোর্ট :
নেত্রকোনা সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের একটি বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় বিলাতী মদ এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. আব্দুল খালেক (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মো. কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর থানাধীন রাজেন্দ্রপুর পিডিবি পাওয়ার গ্রিডের পশ্চিম পাশে সাকুয়া থেকে সনুরা বাজারগামী রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতি রোধ করে তল্লাশি চালানো হয়।
বিজ্ঞাপন
এ সময় অটোরিকশায় থাকা আসামি মো. আব্দুল খালেকের হেফাজত থেকে অভিনব কায়দায় বহনকৃত মোট ৭২ (বাহাত্তর) বোতল ভারতীয় বিলাতী মদ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। আভিযানিক দল ঘটনাস্থলেই মাদক বহনের স্থিরচিত্র ও ভিডিও প্রমাণ ধারণ করে।
গ্রেফতারকৃত আসামি মো. আব্দুল খালেক নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার ৮নং রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা ডাকঘরের গ্রামপাড়া বড়দুয়ার গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে এবং তাঁর মাতার নাম মোছা. খাদিজা খাতুন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক জনাব খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
ছবি সংগৃহীত।

