স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সম্প্রতি গোপালগঞ্জ শহরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, সড়কে অগ্নিসংযোগ এবং টুঙ্গিপাড়ায় রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পরপরই পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের ঘোষণা এল।
উল্লেখ্য, গত শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এছাড়া রবিবার দিনেও গোপালগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উত্তেজনাকর পরিস্থিতি ও বিক্ষোভের জেরে পুলিশ মোতায়েন করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক এই রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছবি সংগৃহীত।
