স্ফুলিঙ্গ রিপোর্ট :
জমি সংক্রান্ত জেরে দৈনিক লোকসমাজের সিনিয়র ফটো সাংবাদিক ও প্রেসক্লাব যশোরের সম্মানিত সদস্য হানিফ ডাকুয়াকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সাংবাদিক হানিফ ডাকুয়া অভিযোগ করে জানান, যশোর শহরের নাজির শংকরপুর এলাকার বাসিন্দা হাজী রুহুল আমিন (৬৮) তাঁকে মোবাইল ফোনে কল দিয়ে চরম ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকি দেওয়ার ওই ফোন কলের পুরো কথোপকথনের অডিও রেকর্ড তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
হুমকির পর নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করে তিনি গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন (জিডি নম্বর—১৬১৬)। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে দাবি করেন।
হানিফ ডাকুয়া এই ন্যক্কারজনক ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে সকল সাংবাদিক সহকর্মীদের তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি যশোর পুলিশ প্রশাসন ও সাংগঠনিক নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে জরুরি নিরাপত্তা বিধানের আকুল আবেদন জানান।
এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, সাধারণ ডায়েরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ঘটনাটি গভীরভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।


