মো: মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি :
তারিখ: ২ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিঘলগ্রাম এলাকায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাহাতাব উদ্দিন ও কাশেম উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়া নিয়ে কাশেমের সমর্থক লতিফের সঙ্গে মাহাতাবের সমর্থক শাহিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
অভিযোগ করে কাশেম উদ্দিন জানান, সকালে তাঁর সমর্থক লতিফ জমিতে পানি নেওয়ার জন্য পাইপ পাতার চেষ্টা করলে শাহিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে শাহিন, তার ছেলেসহ মাহাতাবের লোকজন দলবদ্ধ হয়ে তাদের লোকজনের ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। অন্যদিকে মাহাতাব উদ্দিন দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং পরে এসে মারামারির বিষয়টি দেখতে পান। মূলত মাঠে পানির পাইপ পাতা নিয়েই এই মারামারির সূত্রপাত হয়।
ঘটনার খবর পেয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি সংগৃহীত।
