স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ১৮ নভেম্বর ২০২৬
দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার বিভিন্ন অপচেষ্টার প্রতিবাদে শার্শা উপজেলা বিএনপির নির্দেশনায় ৫নং পুটখালী ইউনিয়নে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশের চলমান শান্তি, শৃঙ্খলা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা স্পষ্ট ভাষায় বলেন, দেশ ও জনগণের বিরুদ্ধে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কঠোরহস্তে প্রতিহত করা হবে। সেই সঙ্গে সাধারণ জনগণকে যেকোনো অপশক্তির বিরুদ্ধে সবসময় সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়া বিশেষ অতিথি ও গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু এবং বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদসহ শার্শা উপজেলা, বেনাপোল পৌর এবং পুটখালী ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। পুটখালীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।ছবি সংগৃহীত।
