উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
সাধারণ যাত্রীর ছদ্মবেশ ধারণ করে দূরপাল্লার বাসে করে মাদক বহনের সময় ৫ কেজি গাঁজাসহ মোঃ আবু জাফর পেদা (৪৬) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
গত বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। আটককৃত আবু জাফর পটুয়াখালী জেলার দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জলিল পেদার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ‘নারায়ণগঞ্জ ট্রাভেলস’ নামক একটি যাত্রীবাহী নৈশকোচে যাত্রী সেজে এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক নিয়ে বরিশালের দিকে আসছেন—এমন গোপন খবরের ভিত্তিতে র্যাব-৮ এর সদর কোম্পানির একটি টহল দল ইছলাদি টোল প্লাজার সামনে বিশেষ তল্লাশি চৌকি বসায়। নির্দিষ্ট বাসটি চেকপোস্টে এসে পৌঁছালে সংকেত দিয়ে থামায় র্যাব সদস্যরা।
বিজ্ঞাপন
পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন যাত্রী আবু জাফরকে পিঠে থাকা একটি স্কুলব্যাগসহ নিচে নামিয়ে আনা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ব্যাগে নিষিদ্ধ মাদক থাকার কথা স্বীকার করেন। এরপর ব্যাগটি তল্লাশি করে খাকি রঙের কস্টেপ দিয়ে প্যাকেট করা অবস্থায় মোট ৫ কেজি অবৈধ গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামতসহ আসামিকে গ্রেফতারের পর বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
