স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৩ নভেম্বর ২০২৬
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একই দিনে চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক নারী অপরাধীকে আটক করা হয়েছে এবং অপর এক রোগীর হারিয়ে যাওয়া মূল্যবান ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে দায়িত্বরত পুলিশ।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে চেইন ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। চিকিৎসা নিতে আসা যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী হাসিনা বেগম (৪০) চিকিৎসকের পরামর্শ নিতে ওই কক্ষে ঢোকেন। এ সময় তাঁর গলায় থাকা সোনার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন খাইরুন্নেসা (৪৫) নামের এক নারী। হাসিনা বেগম বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে উপস্থিত সাধারণ রোগী ও স্বজনেরা হাতেনাতে খাইরুন্নেসাকে ধরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে সোপর্দ করেন।
বিজ্ঞাপন
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটক খাইরুন্নেসার কাছ থেকে একটি সোনার চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। আটক খাইরুন্নেসা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গড় মণ্ডল গ্রামের তোবারকের স্ত্রী।
যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ কনস্টেবল জুয়েল রানা জানান, “ছিনতাইয়ের চেষ্টাকালে ধৃত খাইরুন্নেসাকে মালামালসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
অন্যদিকে, আজ দুপুর ১২টার দিকে হাসপাতালের ব্লাড ব্যাংকের পাশের ওয়াশরুমের ছাদ থেকে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থেকে একটি মোবাইল ফোনসহ অন্যান্য ব্যবহার্য মালামাল উদ্ধার করেন।
অনুসন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে, উদ্ধারকৃত ব্যাগটির মালিক যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের মৃত গফফার মণ্ডলের স্ত্রী ফরিদা বেগম (৪৫)। গত সোমবার (২ নভেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাঁর এই ব্যাগ ও মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে ফরিদা বেগমের পরিবারের সদস্যদের খবর দিয়ে উদ্ধারকৃত ব্যাগ ও মোবাইল ফোনটি যথাযথ প্রক্রিয়ায় তাঁদের হাতে বুঝিয়ে দেয় পুলিশ ফাঁড়ির সদস্যরা।
যশোর জেনারেল হাসপাতালে আসা সাধারণ রোগীদের সুরক্ষায় এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশের নজরদারি ও নিরাপত্তা প্রহরা অব্যাহত রয়েছে বলে জানান দায়িত্বরত পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত।
