স্ফুলিঙ্গ রিপোর্ট :
প্রযুক্তির আসক্তি, আধুনিকতার নেতিবাচক প্রভাব ও নৈতিক অবক্ষয় থেকে সন্তানদের সুরক্ষিত রেখে আদর্শ প্রজন্ম গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত যশোর পিটিআই রোডস্থ পিটিআই অডিটোরিয়ামে মুসলিম বঙ্গ ফাউন্ডেশনের উদ্যোগে ‘GRAND SEMINAR 2.0 – MUSLIM BONGO CONFERENCE’ শীর্ষক দিনব্যাপী গ্র্যান্ড সেমিনার অনুষ্ঠিত হয়। এবারের সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘প্যারেন্টিং: আদর্শ প্রজন্ম গঠন’।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার উস্তাদ ও ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের খতিব শাইখ মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ, জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুমের শাইখুল হাদীস মাওলানা আব্দুল মজিদ, আলিম, লেখক ও গবেষক শাইখ ফয়েজ আহমাদ আযহারী, মাওলানা উমায়ের কাসেমী, বিশিষ্ট ভাষাবিদ ও আরবি সাহিত্যিক শিবলী মেহেদী, প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট ও স্পেসসফট লিমিটেডের সিওও জাকারিয়া মাসুদ, লেখক, অনুবাদক ও দাঈ ইমরান রাইহান এবং লেখক, অ্যাক্টিভিস্ট ও চিকিৎসক ডা. শামসুল আরেফীন শক্তি প্রমুখ।
বিজ্ঞাপন
আলোচনায় বক্তারা বলেন, সন্তানদের শুধু ভালো ফলাফল ও ক্যারিয়ার গঠনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, শালীনতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে অতিরিক্ত স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার, পর্নোগ্রাফিতে আসক্তি, মাদক, বিষণ্ণতা এবং কিশোর গ্যাং সংস্কৃতির বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব নেতিবাচক প্রভাব থেকে সন্তানদের রক্ষায় অভিভাবকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা, প্রয়োজনীয় তদারকি এবং যথাযথ মনস্তাত্ত্বিক পরিচর্যার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব। সন্তানদের ওপর শুধু শাসন আরোপ না করে তাদের কথা শোনা এবং সঠিক পথে পরিচালিত করার পরিবেশ পরিবার থেকেই নিশ্চিত করতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে সন্তানদের সঠিকভাবে প্রতিপালন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে অভিভাবকদের সচেতন করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি সেমিনারে মাদরাসার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আধুনিকায়নে মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিভিন্ন সুবিধা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়। ছবি সংগৃহীত।
