স্ফুলিঙ্গ রিপোর্ট :
অগ্নিসুরক্ষা বিধি লঙ্ঘন ও বারবার সতর্কীকরণ নোটিশ দেওয়ার পরও প্রয়োজনীয় ফায়ার লাইসেন্স সংগ্রহ না করায় যশোরের সুপরিচিত রেস্তোরাঁ ‘কাচ্চি ভাই’-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকালে যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কাচ্চি ভাইয়ের আউটলেটে আকস্মিক অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন মোবাইল কোর্ট এই দণ্ড প্রদান ও অর্থ আদায় করে।
বিজ্ঞাপন
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউজ ইন্সপেক্টর লুৎফর রহমান খান জানান, রেস্তোরাঁটি বাণিজ্যিক কার্যক্রম চালু করার পর থেকে ফায়ার লাইসেন্স গ্রহণের জন্য তাদের পরপর তিনবার দাপ্তরিক নোটিশ পাঠায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ফায়ার লাইসেন্স গ্রহণের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
আইন অমান্যের বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসনের সহায়তায় আজ সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে সেখানে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে লাইসেন্স না থাকার বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইনে কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা লুৎফর রহমান খান আরও জানান, জননিরাপত্তা ও অগ্নিঝুঁকি এড়াতে যশোরের অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। বহু প্রতিষ্ঠান নোটিশ পাওয়ার পরও উদাসীনতা দেখাচ্ছে। সাধারণ মানুষের সার্বিক নিরাপত্ত নিশ্চিত করতে আগামীতে অন্যান্য ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও ধারাবাহিকভাবে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখা হবে। ছবি সংগৃহীত।

